এক বাটি গরম স্যুপ যেন বৃষ্টির দিনে মমতার এক বাটি উষ্ণতা, ক্লান্ত শরীরে প্রশান্তি আর ব্যস্ত মনের জন্য ছোট্ট এক স্বস্তির আশ্রয়। হালকা ক্ষুধার মুহূর্তে এটি যেমন তৃপ্তি দেয়, তেমনি পরিবারের সবার জন্য হয়ে ওঠে পুষ্টি ও ভালোবাসায় ভরা এক স্বাস্থ্যকর আয়োজন।
স্যুপের জনপ্রিয়তা তাই কখনো কমে না। ঘরোয়া উপকরণ আর পরিচিত মসলার ছোঁয়ায় সহজেই তৈরি করা যায় অসাধারণ স্বাদের এক বাটি স্যুপ। ব্রয়লার মুরগির কোমল স্বাদ, সবজির সতেজতা আর মসলার সুবাস মিলিয়ে তৈরি হবে এমন এক পদ, যা শরীরকে উষ্ণ করবে, মনকে ভরিয়ে দেবে।
অল্প সময় আর সামান্য আয়োজনেই তৈরি করুন স্বাদ ও পুষ্টির এই মেলবন্ধন। রইল ঘরোয়া মুরগির স্যুপের সহজ রেসিপি।
উপকরণ
রান্নার তেল ২-৩ টেবিল চামচ
ব্রয়লার মুরগি ৬০০ গ্রাম (৪ টুকরা করা)
আদা বাটা/থেঁতো করা ১ টেবিল চামচ
রসুন বাটা/থেঁতো করা ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি ১টি মাঝারি আকারের
তেজপাতা ১টি
দারুচিনি ৩ টুকরা
গোলমরিচ ১২-১৩টি
লবঙ্গ ৪-৫টি
ধনে বীজ ১ চা-চামচ
জিরা ১ চা-চামচ
মৌরি ১/৪ চা-চামচ
সবুজ এলাচ ২টি
ভাঙা গোলমরিচ ১ চা-চামচ
লবণ স্বাদ অনুযায়ী (প্রায় ১/২ টেবিল চামচ)
হলুদ গুঁড় ১/২ চা-চামচ
চিকেন কিউব ২টি
পানি ২ লিটার (প্রয়োজন অনুযায়ী)
সেদ্ধ ডিম পরিবেশনের জন্য
ভাঙা গোলমরিচ সাজানোর জন্য
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি হাঁড়িতে তেল গরম করে মুরগির টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ভাজুন। মাংসের রং পরিবর্তন হলে এতে আদা ও রসুন দিয়ে আরও এক মিনিট রান্না করুন। এরপর পেঁয়াজ, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, ধনে বীজ, জিরা, মৌরি, এলাচ, ভাঙা গোলমরিচ, লবণ, কাঁচা হলুদ ও চিকেন কিউব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এবার এতে পানি দিয়ে ঢেকে দিন। ফুটে উঠলে ওপরে জমে থাকা ফেনা তুলে ফেলুন। এরপর মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না মুরগি নরম হয় এবং ঝোল কমে প্রায় অর্ধেক হয়ে আসে। এতে সময় লাগতে পারে প্রায় দেড় ঘণ্টা। মুরগি সেদ্ধ হয়ে গেলে ছাঁকনি দিয়ে ঝোল ছেঁকে নিন। এবার টুকরাগুলো আলাদা করে রাখুন। আর ঝোল সংরক্ষণ করুন।
পরিবেশনের সময় বাটিতে মুরগির টুকরা দিয়ে তার ওপর প্রস্তুত করা ঝোল ঢেলে দিন। ওপরে সেদ্ধ ডিম ও ভাঙা গোলমরিচ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। ভাত, রুটি কিংবা পোলাওয়ের সঙ্গে এই বয়লার মুরগির স্যুপ হতে পারে দারুণ এক পদ।
সময়ের আলো/ইউএমএইচ