ফের বাড়ছে ডলারের দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের বাজারে মার্কিন ডলারের দাম আবারও বাড়তে শুরু করেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে টাকার মান কমে খোলা বাজারে প্রতি ডলারের

2026-07-15T03:26:07+00:00
2026-07-15T03:26:07+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
অর্থনীতি
ফের বাড়ছে ডলারের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:২৬ এএম 
প্রতীকী ছবি
দেশের বাজারে মার্কিন ডলারের দাম আবারও বাড়তে শুরু করেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে টাকার মান কমে খোলা বাজারে প্রতি ডলারের দাম সর্বোচ্চ ১২৬ টাকা ৫০ পয়সা পর্যন্ত ঠেকেছে। একই সঙ্গে আমদানির ঋণপত্র বা এলসি খোলা এবং ব্যাংকিং চ্যানেলে নগদ ডলার ক্রয়ের ক্ষেত্রেও গ্রাহকদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি বিভিন্ন আমদানি বিলের দায় পরিশোধের কারণে বাজারে হঠাৎ ডলারের চাহিদা বাড়ায় এই ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।

ব্যাংক ও খোলাবাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ডলারের দামে বড় ধরনের তারতম্য চলছে। কার্ব মার্কেট বা খোলা বাজারে এখন প্রতি ডলার ১২৬ টাকা ৫০ পয়সায় বিক্রি হচ্ছে, যেখানে ব্যবসায়ীদের কেনার মূল্য ১২৬ টাকা ২০ পয়সা। অথচ গত সপ্তাহের শেষ কার্যদিবসেও এই দর ছিল ১২৫ টাকা ৫০ পয়সা। 

অন্যদিকে ব্যাংকগুলোর খুচরা বিক্রির ক্ষেত্রে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক ও সিটি ব্যাংক ১২৪ টাকা ৫০ পয়সা দরে নগদ ডলার বিক্রি করছে এবং তারা কিনছে ১২৩ টাকা ৫০ পয়সায়। রাষ্ট্রায়ত্ত সোনালী ও জনতা ব্যাংক ১২৩ টাকা দরে নগদ ডলার বিক্রি করছে এবং গ্রাহকদের কাছ থেকে কিনছে ১২২ টাকায়। এ ছাড়া পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার জন্য ব্যাংকগুলো ডলারের দাম রাখছে ১২৪ টাকা।

আন্তঃব্যাংক মুদ্রাবাজারেও ডলারের দামের ধারাবাহিক উত্থান লক্ষ্য করা গেছে। গত সোমবার আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দর ছিল ১২৩ টাকা। এর আগের দিন রোববার এই গড় দর ছিল ১২২ টাকা ৯৭ পয়সা এবং গত সপ্তাহের বৃহস্পতিবার গড় দর ছিল ১২২ টাকা ৮৫ পয়সা। 

তিন সপ্তাহ আগে অর্থাৎ ২৪ জুনেও ডলারের গড় দাম ছিল ১২২ টাকা ৭৫ পয়সা এবং এক বছর আগে ৯ জুলাই এই দর ছিল ১২২ টাকা ১ পয়সা। হিসাব অনুযায়ী বছরের ব্যবধানে ডলারের দাম বেড়েছে দশমিক ৯৯ পয়সা বা শূন্য দশমিক ৮১ শতাংশ।

ডলারের এই আকস্মিক মূল্যবৃদ্ধির পেছনে মূলত দুটি প্রধান কারণ কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, সম্প্রতি সরকারের কয়েকটি বড় পেমেন্ট বা আমদানি বিল পরিশোধের বাধ্যবাধকতা থাকায় ডলারের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। 

চাহিদার কারণে কেন্দ্রীয় ব্যাংকও এখন ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনা সাময়িকভাবে বন্ধ রেখেছে। তবে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকলে ডলারের দর দ্রুতই বর্তমানের জায়গায় স্থির হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


অন্যদিকে ব্যাংক খাতের একটি বড় অংশের ধারণা, সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বা আইএমএফ প্রতিনিধি দলকে সন্তুষ্ট করতেই ডলারের দাম কিছুটা বাড়তে দেওয়া হচ্ছে। কারণ আইএমএফ দীর্ঘদিন ধরেই টাকা-ডলারের বিনিময় হার সম্পূর্ণ বাজারভিত্তিক করার তাগিদ দিয়ে আসছে। 

একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, সরকারের সঙ্গে আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার এই সময়ে ঋণের পথ সুগম করতে ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  



  বিষয়:   বাড়ছে  ডলারের দাম  অর্থনীতি 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: