যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান রক্তক্ষয়ী ও দীর্ঘস্থায়ী যুদ্ধের ধাক্কা এবং তীব্র কূটনৈতিক উত্তেজনার মাঝেই এবার এক বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রভাবশালী সদস্য আহমাদ বখশায়েশ আরদেস্তানি। তার জানান, যুদ্ধে ইরান ইতিমধ্যেই বিশাল মূল্য চুকিয়েছে, তাই নিজেদের রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে তেহরানের এখনই পারমাণবিক বোমা তৈরি করা উচিত।
ইরানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও পরমাণু নীতি নিয়ে কথা বলার সময় আরদেস্তানি অত্যন্ত কড়া ভাষায় বলেন, আমার স্পষ্ট মত হলো, ইরানের এখন পারমাণবিক বোমা তৈরি করার উপযুক্ত সময় এসেছে। এই সংকটে ইরান যথেষ্ট ত্যাগ স্বীকার করেছে এবং চড়া মূল্য দিয়েছে। শত্রুর আগ্রাসন থেকে বাঁচতে এই অস্ত্রের এখন জরুরি প্রয়োজন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাম্প্রতিক ওমান সফর এবং যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার বিষয়েও চরম অসন্তোষ প্রকাশ করেন আরদেস্তানি। কৌশলগত হরমুজ প্রণালীতে ওমান ইরানের অংশীদার হলেও, আরদেস্তানির মতে ওমান মূলত একটি ছোট আরব রাষ্ট্র যা সম্পূর্ণভাবে ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্রদের দ্বারা নিয়ন্ত্রিত। তিনি খোলাখুলি বলেন, বাস্তবতা হলো, ওমান নিজস্ব কোনো অবস্থান থেকে কাজ করছে না। যুক্তরাষ্ট্র আসলে ওমানকে খামখেয়ালি মাধ্যম হিসেবে ব্যবহার করে আমাদের সাথে নিজেদের শর্তে কথা বলার চেষ্টা করছে।
ঐতিহাসিকভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক ফতোয়ার মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহারকে ইসলামে ‘হারাম’ বা ধর্মীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু চলতি বছরে চলমান পুরোদস্তুর যুদ্ধে ইরানের ওপর ওয়াশিংটনের উপর্যুপরি বিমান ও অর্থনৈতিক অবরোধের মুখে দেশটির কট্টরপন্থি নীতিনির্ধারকদের এই অবস্থান পরিবর্তন ও প্রকাশ্য পারমাণবিক ব্ল্যাকমেইল নতুন করে আন্তর্জাতিক মহলে বড় ধরনের উদ্বেগের জন্ম দিয়েছে।
সময়ের আলো/কহু