ময়মনসিংহের ত্রিশালে যথাযথ কর্তৃপক্ষের নকশা অনুমোদন ছাড়াই ৭ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের দায়ে ভবন মালিক প্রদীপ মোদককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জুলাই ) এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার পৌর এলাকার মোদক পট্টিতে নির্মাণাধীন ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রদীপ মোদক ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি যথাযথ কর্তৃপক্ষের নকশা অনুমোদন ছাড়াই বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করছিলেন। এ অপরাধে ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় ভবনের নকশা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে ত্রিশাল থানা পুলিশের সদস্যবৃন্দ এবং মোবাইল কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ, অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণকাজ পরিচালনা এবং নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/মহু