বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য হেলেনা আক্তারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
বুধবার সকালে হেলেনা আক্তার জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতে বরিশালের বাসায় ছিলেন। এ সুযোগে সংঘবদ্ধ দুষ্কৃতকারীরা প্রথমে বাড়ির গেট ও পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারপর আলমিরা ভেঙে ৪০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল সেটসহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।
ইউপি সদস্য আরও জানিয়েছেন, বুধবার সকালে প্রতিবেশীরা বাড়ির গেট ভাঙা দেখে তাদের খবর দেয়। তারপর বাড়ি এসে বিষয়টি নিশ্চিত হয়ে তিনি থানা পুলিশকে খবর দেন।
গৌরনদী মডেল থানার এস আই মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সময়ের আলো/মহু