মেসির জন্য ‘সৌভাগ্যের প্রতীক’ কে এই রেফারি

সময়ের আলো ডেস্ক

খেলা

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনাল শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ম্যাচের রেফারি ইসমাইল এলফাত। কারণ, পরিসংখ্যান বলছে— এলফাত

2026-07-15T19:21:46+00:00
2026-07-15T19:21:46+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
মেসির জন্য ‘সৌভাগ্যের প্রতীক’ কে এই রেফারি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:২১ পিএম 
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনাল শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ম্যাচের রেফারি ইসমাইল এলফাত।। সংগৃহীত ছবি
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনাল শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ম্যাচের রেফারি ইসমাইল এলফাত। কারণ, পরিসংখ্যান বলছে— এলফাত যে ম্যাচে দায়িত্ব পালন করেছেন, সেখানে লিওনেল মেসির দল কখনো পরাজয়ের মুখ দেখেনি। ফলে এই রেফারিকে ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ফুটবল অঙ্গনে।

বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া সেমিফাইনালের জন্য মরক্কো বংশোদ্ভূত মার্কিন রেফারি ইসমাইল এলফাতকে দায়িত্ব দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে ইংল্যান্ডের কিছু সমর্থক এই নিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, মেসির জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরির উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ নেই। এলফাতের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স।

পরিসংখ্যান অনুযায়ী, রেফারি কিংবা ফোর্থ অফিশিয়াল—যে ভূমিকাতেই এলফাত মাঠে ছিলেন, সেই পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে মেসির দল।


এর মধ্যে সবচেয়ে স্মরণীয় হলো ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল। লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে রোমাঞ্চকর ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনা শিরোপা জেতে। সেই ম্যাচে ফোর্থ অফিশিয়াল ছিলেন এলফাত।

এরপর ২০২৩ সালের লিগস কাপ ফাইনালেও মেসির জন্য সুখস্মৃতি হয়ে থাকেন তিনি। ন্যাশভিল এসসিকে টাইব্রেকারে হারিয়ে ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম শিরোপা জয়ের ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেছিলেন এলফাত।

চলমান বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ পরিচালনা করেছেন এই অভিজ্ঞ রেফারি। গ্রুপ পর্বে জাপান-নেদারল্যান্ডস ও স্পেন-উরুগুয়ের ম্যাচ ছাড়াও শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের আলোচিত জয়ের ম্যাচেও তিনি দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই ম্যাচে জয়ী দল আগামী সোমবার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত ফাইনালে শক্তিশালী স্পেনের বিপক্ষে শিরোপার জন্য লড়বে। এখন দেখার বিষয়, এলফাতের উপস্থিতিতে মেসির অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় থাকে কি না, নাকি ইংল্যান্ড সেই পরিসংখ্যান বদলে নতুন ইতিহাস গড়ে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ফুটবল  বিশ্বকাপ  আর্জেন্টিনা  মেসি  রেফারি  ইসমাইল এলফাত 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: