মুন্সিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় ৪ ডাকাত গ্রেফতার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
সারাদেশ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘দ্যা জিয়া অ্যান্ড ব্রাদার্সের’ স্টোর ও স্টেক ইয়ার্ডে কর্মকর্তা-কর্মচারীদের বেঁধে সাড়ে ৫ ঘণ্টা
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘দ্যা জিয়া অ্যান্ড ব্রাদার্সের’ স্টোর ও স্টেক ইয়ার্ডে কর্মকর্তা-কর্মচারীদের বেঁধে সাড়ে ৫ ঘণ্টা ধরে চালানো চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উন্মোচন করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৪ ডাকাতকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। একইসঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা গ্রামের বাসিন্দা মাইন উদ্দিন (৪৫), একই উপজেলার জয়া গ্রামের ছোটন (৩০), ঢাকার বাড্ডা থানার বড় বেড়াইত এলাকার রিয়াজুল ইসলাম (২৬) এবং শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার চর চান্দার মুন্সীকান্দি গ্রামের আবুল খায়ের (৪০)। তাদের স্থায়ী ঠিকানা বিভিন্ন জেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে ঢাকার তেজগাঁও ও বাড্ডা এলাকায় বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই রাতে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুসলিমনগর এলাকায় ঊষা এগ্রো লিমিটেডের ভাড়া নেওয়া জায়গায় দ্যা জিয়া অ্যান্ড ব্রাদার্স নামের প্রতিষ্ঠানে এই দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ ৮ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে, প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের ভারী কনস্ট্রাকশন যন্ত্রপাতি ও মূল্যবান মালামাল ট্রাকে করে লুটে নেয়। লুট করা মালামালের মধ্যে রয়েছে, বিভিন্ন সাইজের ইলেকট্রিক ক্যাবল, রড কাটার মেশিন, পাইলিংয়ের কাজে ব্যবহৃত সরঞ্জাম, লোহার পুলি, চায়না ইঞ্জিন, ৩০ হর্স পাওয়ারের মোটর, ওয়েল্ডিং মেশিন, ফুয়েল পাম্প, লিফটিং হেড, গালগাট্টা পুলি ও ট্রেমি হেডসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ।
জব্দকৃত ট্রাক। ছবি : সময়ের আলো
ঘটনার পরপরই তদন্ত ও অভিযানে নামে পুলিশ। গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে, আসামিদের অবস্থান শনাক্ত করে। এরপর ঢাকার তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে, ৪ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
এ বিষয়ে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, ‘লুণ্ঠিত মালামাল উদ্ধার ও চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’