নাটোরের বড়াইগ্রামে ৩ যমজ বোনই পেয়েছে সরকারি প্রাথমিক বৃত্তি। ওই মেধাবী ৩ বোন উপজেলার জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
বৃত্তিপ্রাপ্ত ৩ বোনের নাম- তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা।
তারা জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল করিম সরকার ও গৃহিণী শিল্পী খাতুন দম্পতির সন্তান। তাদের বাড়ি উপজেলার জোনাইল বাজারপাড়া এলাকায়। বর্তমানে তারা ৩ জনই জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
পিতা রেজাউল করিম সরকার বলেন, ‘তাদের একসঙ্গে জন্ম এবং বেড়ে উঠা। ছোটবেলা থেকেই ৩ বোনের লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ দেখে আসছি। আমি নিজেও তাদেরকে যতটুকু পারি, সময় দেই। তাছাড়া, তাদের মাও উচ্চ শিক্ষিত এবং মেয়েদের পড়াশুনার প্রতি যথেষ্ট খেয়াল রাখে। সবচেয়ে বড় বিষয়, তারা নিজেরা আগ্রহ নিয়ে নিয়মিত লেখাপড়া করে ও একে অপরকে সহযোগিতা করে। আল্লাহ তায়ালার রহমত, স্বজনদের অনুপ্রেরণা, তাদের আপ্রাণ প্রচেষ্টা এবং শিক্ষকদের দিকনির্দেশনাই তাদের এ সাফল্যের মূল চাবিকাঠি।’
জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা খাতুন কেয়া বলেন, ‘তারা ছোটবেলা থেকেই পড়াশুনায় বেশ ভালো, যথেষ্ট ভদ্র ও বিনয়ীও। তাদের এমন সাফল্যে আমরা সবাই খুবই খুশি। আগামীতে তারা আরও ভালো ফলাফল করবে বলেই আমাদের প্রত্যাশা।’
জোনাইল এমএম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, ‘তারা ৩ জনই আমাদের বিদ্যালয়ে অধ্যয়নরত। আশা করি, তারা ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখবে।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘এটি একটি বিরল ঘটনা, বলা চলে। আমি তাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’
সময়ের আলো/মহু