ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল আসর ফিফা বিশ্বকাপের পর্দা নামছে এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। আগামী রোববার নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হবে এই জাঁকজমকপূর্ণ আয়োজন। তিনটি আয়োজক দেশ এবং ১৬টি আয়োজক শহরজুড়ে ৪৮টি দলের স্মরণীয় যাত্রা উদযাপন করতেই সাজানো হয়েছে এই বিশেষ অনুষ্ঠান।
তারকাখচিত সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ইতালির জনপ্রিয় সংগীতশিল্পী লরা পাউসিনি, মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ পপতারকা রবি উইলিয়ামস এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আই শো স্পিড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হলিউডের খ্যাতিমান অভিনেতা টম ক্রুজ। সংগীত, বিনোদন ও ক্রীড়ার এক অনন্য মিলনমেলায় পরিণত হবে বিশ্বকাপের শেষ সন্ধ্যা।
ফাইনাল ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন এমি, গ্র্যামি, অস্কার ও টনি এই চার মর্যাদাপূর্ণ পুরস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন। ফিফার প্রত্যাশা, তার শক্তিশালী পরিবেশনা ফুটবলবিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচের আবহ আরও প্রাণবন্ত ও আবেগঘন করে তুলবে।
বিশ্বখ্যাত বালিচ ওয়ান্ডার স্টুডিওর সৃজনশীল সহযোগিতায় আয়োজিত এই সমাপনী অনুষ্ঠান ফুটবলের আবেগ, বৈচিত্র্য ও বৈশ্বিক ঐক্যের প্রতীক হয়ে উঠবে। ৪৮টি দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই বিশ্বকাপ ইতিমধ্যেই ভেঙেছে একাধিক রেকর্ড। একই সঙ্গে বিশ্বের নতুন প্রজন্মের কোটি কোটি ছেলে-মেয়েকে স্বপ্ন দেখার নতুন প্রেরণাও জুগিয়েছে। ফিফা জানিয়েছে, খুব তাড়াতাড়ি আরও কয়েকজন শিল্পী ও বিশেষ অতিথির নাম ঘোষণা করা হবে।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যেমন কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিশ্বকে ফুটবলের সর্ববৃহৎ মঞ্চে স্বাগত জানিয়েছিল, তেমনি সমাপনী অনুষ্ঠানও সংগীত, সংস্কৃতি ও ফুটবলের অনন্য সমন্বয়ে এই বিশ্বকাপকে পূর্ণতা দেবে। এরপরই শুরু হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল, যেখানে নির্ধারিত হবে এই ঐতিহাসিক আসরের নতুন বিশ্বচ্যাম্পিয়ন।
ফিফা জানিয়েছে, স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও এই আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ হবেন। তাই সবাইকে নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়ামে প্রবেশের পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে, অর্থাৎ ফাইনাল শুরুর ৯০ মিনিট আগে, সমাপনী অনুষ্ঠান শুরু হবে। আর স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে বেলা ১১টায়। দর্শকদের জন্য থাকবে বিশেষ বিনোদন, বিশেষ কার্যক্রম, আকর্ষণীয় পুরস্কার এবং ম্যাচ-পূর্ব নানা আয়োজন।
সময়ের আলো/জেডআই