কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় হাদিস মিয়া নামে এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন।
উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবদুল আওয়াল জানান, বুধবার রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছাকাছি পৌঁছালে ওত পেতে থাকা ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক জানান, রাত সাড়ে ১১টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। এরই মধ্যে জাহেদুল আলম জাহাঙ্গীরকে মারা যায়। আহতাবস্থায় হাদিস মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় একজন হামলাকারীকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সময়ের আলো/কহু