ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ যাত্রা নানা বিতর্কে ঘেরা। বেশ কয়েকটি ম্যাচে রেফারির সিদ্ধান্ত আলবিসেলেস্তেরাদের পক্ষে গেছে বলে অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি।
বুধবার দিবাগত রাতে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর সমালোচকদের উদ্দেশে মেসি বলেন, ‘কারও খারাপ লাগলে লাগুক। গত চার বছর ধরে আমরাই সেরা দল। কেউ পছন্দ করুক বা না-ই করুক, বাস্তবতা বদলাবে না। আবারও আমরা বিশ্বের সেরা দুই দলের একটিতে জায়গা করে নিয়েছি। এটিই প্রমাণ করে, আমাদের অর্জন কোনো ভাগ্যের ফল নয়, কেউ আমাদের কিছু উপহারও দেয়নি। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা খুব কম দলের পক্ষেই সম্ভব হয়েছে, আর আমাদের এই দল সেটাই করে দেখিয়েছে।’
তিনি আরও বলেন, ‘যদি আমরা ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকে নানা রকম কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানতাম, ফুটবলীয় দিক থেকে আমরা তাদের চেয়ে ভালো। তবে এমন বড় ম্যাচে অনেক কিছুই ঘটে, ইতিহাসও তৈরি হয়।’
সেমিফাইনালের এই জয়টি আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেও উৎসর্গ করেছেন মেসি। ৪০ বছর আগে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার স্মরণীয় পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নিঃসন্দেহে দিয়েগো ওপর থেকে এই মুহূর্তটা উপভোগ করছেন। আজকের দিনটি তার জন্যও খুব বিশেষ। তাকে এই আনন্দ উপহার দিতে পেরে আমরা গর্বিত। তিনি যেভাবেই থাকুন না কেন, ওপর থেকে নিশ্চয়ই এটি উপভোগ করছেন। এই জয় তার জন্যও একটি উপহার।’
সময়ের আলো/জেডআই