সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত এ পর্যটন স্পটটি বন্ধ থাকবে।
বুধবার (১৬ জুলাই) রাত পৌনে ১২টার দিকে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় দেবতাখুম পর্যটন স্পটের বিভিন্ন অবকাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে, পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর জরুরি মেরামত প্রয়োজন।
এতে আরও উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে দেবতাখুম এলাকায় পর্যটকদের যাতায়াত ও অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত দেবতাখুম পর্যটন স্পটটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া, সম্ভাব্য দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলকে স্থানীয় পর্যায়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনীয় প্রচার-প্রচারণা চালানো এবং সার্বিক তদারকি কার্যক্রম জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।
তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোয়াংছড়ির দেবতাখুম ছাড়া বান্দরবান জেলার অন্যান্য সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে এবং সেসব স্থানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই।
সময়ের আলো/মহু