বিশ্বকাপের উন্মাদনায় তারকাদের ফুটবল–বিতর্কে এবার নতুন মাত্রা যোগ হয়েছে চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের খুনসুটিতে। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর ওমর সানীকে উদ্দেশ করে রসিকতাপূর্ণ একটি পোস্ট দিয়েছেন জয়।
ম্যাচ শেষে ফেসবুকে ওমর সানীকে ট্যাগ করে তিনি লেখেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না। একদম অরিজিনাল।’
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়ের মধ্যেই এতে হাজারো মন্তব্য জমা হয়।
মূলত, এর আগে ব্রাজিল সমর্থক ওমর সানীর একটি ভিডিওকে ঘিরে দুজনের মধ্যে মজার বাকযুদ্ধ শুরু হয়। তখন জয়কে উদ্দেশ করে ওমর সানী বলেছিলেন, তিনি ‘অরিজিনাল চাবুক’ অর্ডার দিয়েছেন। সেই প্রসঙ্গ টেনেই আর্জেন্টিনার জয়ের পর নতুন করে খোঁচা দেন জয়।
দুই তারকার এই খুনসুটি বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই সামাজিক মাধ্যমে ভক্তদের বাড়তি বিনোদনের খোরাক জুগিয়েছে।
সময়ের আলো/কেএইচও