উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহীদের জন্য ইতালির ইউনিভার্সিটি অব ফ্লোরেন্সে ফুল-ফান্ডেড পিএইচডির সুযোগ এসেছে।
২০২৬ সালের পেগাসো পিএইচডি স্কলারশিপের আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা তিন বছর মেয়াদি পিএইচডি করার সুযোগ পাবেন। আর এতে করে শিক্ষার্থীদের বছরে ১৬ হাজার ২৪৩ ইউরো বৃত্তি দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকার সমান। বিশ্ববিদ্যালয়ের ৪২তম পিএইচডি ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে এ স্কলারশিপ দেওয়া হবে। এর অর্থায়ন করছে ইতালির রিজিওনে তাসকানা, ইউরোপীয় সামাজিক তহবিলএবং জিওভানিসি প্রকল্প।
কর্মসূচিটির লক্ষ্য তরুণ গবেষকদের উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে ১ নভেম্বর ২০২৬। যাদের মাস্টার্স ডিগ্রি রয়েছে বা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে, তারা আবেদন করতে পারবেন।
শিক্ষার্থীরা যেসব সুবিধা পাবেন
১. বছরে ১৬ হাজার ২৪৩ ইউরো বৃত্তি
২. বিদেশে অনুমোদিত গবেষণায় অংশ নিলে বৃত্তির পরিমাণ ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি।
৩. গবেষণা কার্যক্রমের জন্য বৃত্তির অন্তত ১০ শতাংশ ব্যয়ের সুযোগ।
৪. আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইতালিতে যাওয়ার প্রাথমিক ব্যয়ের জন্য সর্বোচ্চ ৫ হাজার ইউরো এককালীন সহায়তা।
৫. গবেষণা দক্ষতা ও সফট স্কিল উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেয়ার সুযোগ।
৬. ভিসা, নথি সত্যায়ন, অনুবাদ, বাসাভাড়ার জামানত ও বিমানভাড়াসহ স্থানান্তর ব্যয়ে সহায়তা।
আবেদন করতে যা প্রয়োজন
১. পূরণ করা আবেদনপত্র
২. ডিগ্রি সনদ
৩. শিক্ষাজীবনের ট্রান্সক্রিপ্ট
৪. বৈধ পাসপোর্ট
৫. হালনাগাদ সিভি বা রেজ্যুমে
৬. পাসপোর্ট সাইজের ছবি
৭. প্রয়োজনীয় অন্যান্য সহায়ক নথি
যেভাবে আবেদন করবেন
আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে। নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। আবেদন করতে ৩০ ইউরো (অফেরতযোগ্য) আবেদন ফি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ তারিখ: ৬ আগস্ট ২০২৬।