প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২:২৩ এএম
ছবি : সংগৃহীতগত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘রকস্টার’। সিনেমাতে প্রথমবারের মতো সংগীতশিল্পী চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। প্রেক্ষাগৃহের পর এবার ঘরে ঘরে উন্মাদনা ছড়াতে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। ২২ জুলাই রাত ১২টা থেকে চরকি অ্যাপ এবং চরকি ডট নেট সাইটে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। অঞ্জন চৌধুরী পিন্টু নিবেদিত সিনেমাটির প্রযোজনায় রয়েছে সান মোশন পিকচার্স লিমিটেড।
সিনেমাটির ওটিটি মুক্তি প্রসঙ্গে পরিচালক আজমান রুশো বলেন, সিনেমাটি প্রেক্ষাগৃহে অনেকে দেখেছেন, এবার ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশের দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন। চরকির মাধ্যমে সিনেমাটি অধিক সংখ্যক দর্শকের কাছে পৌঁছাবে, নির্মাতা হিসেবে এটাই চাওয়া।
সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু বলেন, নানা কারণে অনেকে সিনেমা হলে ‘রকস্টার’ দেখতে পারেননি। তারা এখন ঘরে বসে সিনেমাটি দেখতে পারবেন। দর্শকরা চাইলেই এখন সিনেমায় তাদের পছন্দের মুহূর্তগুলো বারবার উপভোগ করতে পারবেন।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, প্রেক্ষাগৃহ ও ওটিটির সমন্বিত প্রয়াস সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে এবং কনটেন্টকে সর্বোচ্চ সংখ্যক দর্শকের কাছে নিয়ে যেতে সাহায্য করছে। সেই ধারাবাহিকতায় এবার রকস্টার মুক্তি পাচ্ছে চরকিতে। আশা করি দর্শকরা উপভোগ করবেন।
মুক্তির আগেই দর্শকের মাঝে আগ্রহ সৃষ্টি করে ‘রকস্টার’। প্রেক্ষাগৃহে আসার পর ব্যাপক সাড়া ফেলে দর্শকমহলে। দেশের গণ্ডি পেরিয়ে মুক্তি পায় ভিনদেশেও। আমেরিকা ও ইউরোপের মোট ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
‘রকস্টার’ মূলত একটি মিউজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা। এখানে একজন রকস্টারের জীবনযুদ্ধ, গ্ল্যামার জগতের পেছনের সংগ্রাম এবং সাফল্যের গল্প দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এতে শাকিবের বিপরীতে মীরা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। সুপার মডেল হয়ে হাজির হয়েছেন তানজিয়া জামান মিথিলা। একটি বিশেষ চরিত্রে দেখা যায় ভারতের কণ্ঠশিল্পী সুনিধি নায়েককে। এ ছাড়া অভিনয় করেছেন পান্থ কানাই, তারিক আনাম খান, রোজী সিদ্দিকী, দিলারা জামান ও কাজী সাবির।
নুসরাত মাটির চিত্রনাট্য এবং আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়ার সংলাপে নির্মিত এই সিনেমায় রয়েছে বেশ কিছু গান। সিনেমার সবকটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। যিনি নিজেও কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
সময়ের আলো