আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে অস্কারজয়ী ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। অন্যান্য দেশের মতো সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকরাও। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তথ্যটি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।
প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এই বিশাল বাজেটের সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিশ্বজুড়ে। গ্রিক বীর ওডিসিয়াসের দীর্ঘ, বিপদসংকুল ঘরে ফেরার যাত্রা কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ওডিসি’। ট্রোজান যুদ্ধে অংশ নিতে গিয়ে এক দশক রণাঙ্গনে কাটানোর পর দেশে ফেরার পথে ভাগ্যের নির্মম খেলায় সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ওডিসিয়াস।
ভয়াল সমুদ্র, অচেনা দ্বীপ, অদ্ভুত প্রাণী, দেব- দেবীর রোষসহ সব বাধা পেরিয়ে প্রায় ২০ বছর পর নিজ রাজ্য ইথাকায় ফেরার সংগ্রামই এই মহাকাব্যের মূল সুর। ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তার ছেলে টেলিমাকাসের ভূমিকায় টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপের চরিত্রে দেখা যাবে অ্যান হ্যাথাওয়েকে। আরও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি ও জন বার্নথালসহ অনেকে।
‘দ্য ডার্ক নাইট’, ট্রিলজি, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ এবং ‘ওপেনহাইমার’-এর মতো ব্লকবাস্টার ছবির নির্মাতা নোলান জানান, ‘দ্য ওডিসি’র আসল বিশেষত্ব এর বিশাল পরিসর। প্রতিটি সিনেমারই নিজস্ব চ্যালেঞ্জ থাকে। কিন্তু ‘দ্য ওডিসি’ গল্পে যেন প্রতিটি ধাপেই নতুন নতুন চ্যালেঞ্জ। গ্রিক কবি হোমারের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’কে সিনেমায় রূপ দেওয়া অনেক কঠিন ছিল। ক্যারিয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এই ছবি নির্মাণ করতে গিয়ে।
সময়ের আলো