যুক্তরাষ্ট্রের হামলায় সেতু ধ্বংসের পর মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেতু ও অবকাঠামো ধ্বংস এবং অন্তত ৭ জন নিহত

2026-07-17T12:10:45+00:00
2026-07-17T12:10:45+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের হামলায় সেতু ধ্বংসের পর মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:১০ পিএম 
ছবি : সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেতু ও অবকাঠামো ধ্বংস এবং অন্তত ৭ জন নিহত হওয়ার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি ও মিত্র দেশগুলোর ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকে কাতার, বাহরাইন ও জর্ডানে একের পর এক হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এর মধ্যে কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কাতারের রাজধানী দোহার অদূরে অবস্থিত আল-উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে।

তবে ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর তার জ্বলন্ত ধ্বংসাবশেষ বা স্প্লিন্টার আবাসিক এলাকায় পড়লে এক শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন। আইআরজিসি দাবি করেছে, এই হামলায় তারা মার্কিন ঘাঁটির একটি জেট রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও কমান্ড সেন্টার ধ্বংস করেছে। যদিও কাতার বা যুক্তরাষ্ট্র এই ক্ষয়ক্ষতির দাবি এখনো নিশ্চিত করেনি। মধ্যস্থতাকারী দেশ কাতারের ওপর এই হামলা আগামী রোববার ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়াশিংটন-তেহরান শান্তি আলোচনাকে চরম ঝুঁকিতে ফেলেছে।

এদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানি ড্রোন উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে। হামলার আশঙ্কায় বাহরাইনজুড়ে দ্বিতীয়বারের মতো সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়।

অন্যদিকে জর্ডান সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় ঢুকে পড়া তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ভূপাতিত করেছে তারা। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আইআরজিসি দাবি করেছে, সিরিয়ার আল-তানফ এলাকায় অবস্থানরত মার্কিন সেনাবহরকে লক্ষ্য করে তারা সফল হামলা চালিয়েছে। ইরানের দাবি, দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলায় তাদের সেনা নিহত হওয়ার বদলা হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যতক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালীতে মার্কিন উসকানি চলবে, ততক্ষণ এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল বা গ্যাসও রপ্তানি করতে দেওয়া হবে না।

এর আগে বৃহস্পতিবার রাতে দক্ষিণ ইরানের উপকূলীয় হরমোজগান প্রদেশে মার্কিন যুদ্ধবিমান ব্যাপক বোমাবর্ষণ করে। ইরানের ফার্স নিউজ জানিয়েছে, এই হামলায় বন্দর আব্বাস ও শিরাজের সংযোগকারী ঐতিহাসিক কাহুরেস্তান সেতুসহ বেশ কয়েকটি প্রধান সেতু ধসে পড়েছে। এতে অন্তত ৭ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন, যা ইরানের বন্দর ও রেল যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে।

সময়ের আলো/কহু



  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  হামলা  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: