লেবাননে মোতায়েনকৃত জাতিসংঘের বর্তমান শান্তিরক্ষী মিশনের মেয়াদ শেষ হওয়ার পর সেখানে সম্ভাব্য ‘নিরাপত্তা শূন্যতা’ রোধ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃত্বাধীন একটি নতুন সামরিক বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে জার্মানি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল জার্মানির একটি গণমাধ্যম নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে এই প্রস্তাবের কথা জানান।
উল্লেখ্য, লেবাননে নিয়োজিত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষী বাহিনী বা ইউনিফিল-এর বর্তমান ম্যান্ডেটের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউনিফিল মিশনের মেয়াদ শেষ হওয়ার পর সেখানে যেন কোনো নিরাপত্তা শূন্যতা তৈরি না হয়, সেজন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি নির্দিষ্ট ম্যান্ডেট বা ইউরোপীয় বাহিনী পাঠানো যায় কি না— তা আমাদের খতিয়ে দেখা উচিত।
তিনি আরও যোগ করেন, ইইউ-এর অধীনস্থ এমন একটি বাহিনী সেখানে মোতায়েন করা হলে তা লেবানন থেকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যাহার নিশ্চিত করার মতো পরিবেশ তৈরি করতে পারে; একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যেন পুনরায় সেখানে তাদের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে ফিরে আসতে না পারে, তা-ও প্রতিরোধ করবে।
সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার তীব্র সংঘাতের প্রেক্ষাপটে ইউনিফিলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠার পর, ইউরোপীয় দেশগুলো এখন থেকেই এই অঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থার কথা ভাবছে।
সময়ের আলো/কহু