প্রয়োজনীয় খরচ সামাল দিতে বাড়ছে ক্রেডিট কার্ড নির্ভরতা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

একসময় বাংলাদেশিদের কাছে ক্রেডিট কার্ডের ব্যবহার কেবল দেশের বাইরেই সীমাবদ্ধ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারা বদলে গেছে। এখন দেশের

2026-07-17T21:22:34+00:00
2026-07-17T21:22:34+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
অর্থনীতি
প্রয়োজনীয় খরচ সামাল দিতে বাড়ছে ক্রেডিট কার্ড নির্ভরতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:২২ পিএম 
ছবি : সংগৃহীত
একসময় বাংলাদেশিদের কাছে ক্রেডিট কার্ডের ব্যবহার কেবল দেশের বাইরেই সীমাবদ্ধ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারা বদলে গেছে। এখন দেশের ভেতরেই দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে সংসারের বাড়তি ব্যয় সামলাতে ক্রেডিট কার্ডের ব্যবহার দ্রুত বাড়ছে। বিশেষ করে মূল্যস্ফীতির দীর্ঘস্থায়ী চাপের কারণে অনেক পরিবার প্রয়োজনীয় খরচ মেটাতে এই মাধ্যমের ওপর বেশি নির্ভরশীল হয়ে উঠছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ২০২৬ সালের মে মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৭ কোটি টাকা। আগের মাস এপ্রিলের তুলনায় এ পরিমাণ ১০ শতাংশের বেশি এবং ২০২৫ সালের মে মাসের তুলনায় ৩৩ দশমিক ১৫ শতাংশ বেশি।

তথ্যে আরও দেখা যায়, মে মাসে মোট ক্রেডিট কার্ড লেনদেনের প্রায় অর্ধেকই হয়েছে ডিপার্টমেন্ট স্টোরে। এতে স্পষ্ট হচ্ছে, ক্রেডিট কার্ড এখন আর শুধু বিলাস পণ্য কেনার মাধ্যম নয়, বরং নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ব্যাংক খাতের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতির ফলে অনেক পরিবারের আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান বেড়েছে। এ কারণে বড় অঙ্কের ব্যয় সাময়িকভাবে সামাল দিতে অনেকে ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। পাশাপাশি সুপারশপ ও বড় খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে মূল্যছাড়, কিস্তি সুবিধা এবং সহজে কার্ডে মূল্য পরিশোধের সুযোগ গ্রাহকদের আরও উৎসাহিত করছে।

একটি বেসরকারি ব্যাংকের কার্ড বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নগদ অর্থ বহনের পরিবর্তে শহরাঞ্চলের মানুষের মধ্যে কার্ড ব্যবহারের প্রবণতা আগেই বাড়ছিল। তবে সাম্প্রতিক মূল্যস্ফীতির চাপ সেই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে। একই সঙ্গে গ্রাহক ধরে রাখতে বিভিন্ন ব্যাংক নিয়মিত ক্যাশব্যাক, ছাড় ও কিস্তি সুবিধাসহ নানা প্রচারণা চালিয়ে যাচ্ছে।

দেশীয় বাজারে কার্ড ব্যবহারের প্রবণতা বাড়তে থাকায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ঋণসীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করেছে। পাশাপাশি ক্রেডিট কার্ডে সুদের সর্বোচ্চ হার ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের পরিমাণও বেড়েছে। চলতি বছরের মে মাসে বিদেশে বাংলাদেশি কার্ডধারীদের মোট লেনদেন হয়েছে ৪২৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। সবচেয়ে বেশি ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপর রয়েছে যুক্তরাজ্য, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সৌদি আরব, ভারত ও মালয়েশিয়া।


অন্যদিকে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের কার্ড ব্যবহারও আগের বছরের তুলনায় বেড়েছে। বার্ষিক হিসাবে তাদের লেনদেন ১২ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেলেও মাসভিত্তিক হিসাবে মে মাসে তা কমে ৩১২ কোটি টাকায় নেমে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরীর মতে, দীর্ঘ সময়ের মূল্যস্ফীতির চাপ মানুষকে সাময়িকভাবে ক্রেডিট কার্ড নির্ভর করে তুলছে। তবে ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় না রেখে অতিরিক্ত কার্ড ব্যবহার করলে ভবিষ্যতে তা ব্যক্তিগত আর্থিক ঝুঁকি বাড়াতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ক্রেডিট কার্ডের ব্যবহার বৃদ্ধি ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্তিকে আরও বিস্তৃত করছে। তবে এর পাশাপাশি সাইবার নিরাপত্তা জোরদার করা, গ্রামাঞ্চলে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং অতিরিক্ত ঋণনির্ভরতার ঝুঁকি নিয়ন্ত্রণেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সময়ের আলো/আআ


  বিষয়:   প্রয়োজনীয়  খরচ  ক্রেডিট কার্ড  নির্ভরতা 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: