দারুণ এক জয় দিয়ে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। গতকাল ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ৩৪-২৪ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ১-০ তে লিড নেয় স্বাগতিকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরিজের প্রথম ম্যাচটি উপভোগ করেন।
ম্যাচের শুরু থেকেই নেপালের বিপক্ষে আধিপত্য বজায় রেখে খেলতে থাকে বাংলাদেশ। কৌশলী আক্রমণ ও শক্ত রক্ষণভাগে প্রথমার্ধেই ১৪-১০ পয়েন্টের লিড নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে নেপাল ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পারেনি তারা। ফলে ১০ পয়েন্টের বড় ব্যবধানে জয় নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক।
ম্যাচটি বাড়তি মাত্রা পেয়েছিল প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের উপস্থিতিতে। ম্যাচের শুরুতে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেন তিনি। এরপর ভিআইপি বক্স থেকে খেলা উপভোগ করেন। একপর্যায়ে ভিআইপি বক্স ছেড়ে তিনি নিচে নেমে এসে সাধারণ দর্শকের মতোই দাঁড়িয়ে পুরো খেলা উপভোগ করেন।
ম্যাচের প্রতিটি মুহূর্তে খেলোয়াড়দের উৎসাহিত করেছেন তিনি। খেলা শেষে তিনি নিজেই বাংলাদেশ দলের খেলোয়াড়দের কাছে ডাকেন। তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের সাফল্যের অংশীদার হয়ে হাস্যোজ্জ্বল মুখে সেলফি তুলতে দেখা যায় তাকে। জাইমা রহমানের এমন আন্তরিকতা খেলোয়াড়দের দারুণভাবে অনুপ্রাণিত করে।
এর আগে সিরিজের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য আমাদের ক্রীড়া ঐতিহ্যের গর্ব। আমি বিশ্বাস করি, বাংলাদেশ ও নেপালের মধ্যকার এই সিরিজ দুই দেশের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের সেতুবন্ধ আরও দৃঢ় করবে।
সময়ের আলো/এসএকে