ঝালকাঠি শহরের টিঅ্যান্ডটি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মলিনা রায় (৫৫) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) রাতে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে বাসায় ঢুকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টিঅ্যান্ডটি রোডের একটি ভাড়া বাসায় স্বামী রতন রায়ের সঙ্গে বসবাস করতেন মলিনা রায়। শুক্রবার পরিবারের অন্য সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী এলাকায় রথযাত্রা উৎসবে অংশ নিতে গেলে তিনি বাসায় একাই ছিলেন।
রাতে পরিবারের সদস্যরা ফিরে এসে প্রধান ফটকের দরজা খোলা এবং ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে একটি কক্ষে বস্তার ভেতরে মলিনা রায়ের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।
স্বজনদের দাবি, হত্যার পর বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই ভবনের আরও তিনটি ফ্ল্যাটেও চুরি বা ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ভবনের কয়েকটি দরজাও ভাঙা অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা পরানো অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়দের ধারণা, ডাকাতদের বাধা দেওয়ায় মলিনা রায় হত্যার শিকার হয়ে থাকতে পারেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলতে রাজি নয় পুলিশ।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জীদ ইবনে আকবর বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এসএকে