দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবসটি (১৮ জুলাই) এবার এক ভিন্ন ও বিতর্কিত রাজনৈতিক আবহে উদযাপিত হচ্ছে। দেশটির ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও বৈষম্যের জেরে বর্ণবাদবিরোধী মহান এই নেতার আদর্শ ও উত্তরাধিকারের ওপর সংকটের কালো ছায়া পড়েছে। প্রথাগত সামাজিক সেবামূলক কাজের পরিবর্তে এবার উগ্র অভিবাসী-বিরোধী গোষ্ঠীগুলো এই দিনটিকে ব্যবহার করে অবৈধ অভিবাসী তাড়ানোর ডাক দেওয়ায় দেশটিতে চরম বিতর্ক তৈরি হয়েছে।
শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর ম্যান্ডেলার জন্মদিনে সমাজসেবায় ঐতিহ্যবাহী ‘৬৭ মিনিট’ উৎসর্গ করার নিয়ম থাকলেও, এবার ‘মার্চ অ্যান্ড মার্চ’ নামের একটি উগ্র অভিবাসী-বিরোধী জোট ঘোষণা করেছে। তারা এই সময়টুকু ম্যান্ডেলার নিজ প্রদেশ ইস্টার্ন কেপের বিভিন্ন শহরের ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে অবৈধ অভিবাসী চিহ্নিত এবং তাদের জোরপূর্বক উচ্ছেদ করতে ব্যবহার করবে।
এই গোষ্ঠীটির দাবি, সরকার সীমান্ত রক্ষা ও কর্মসংস্থানে দক্ষিণ আফ্রিকানদের অগ্রাধিকার দিতে ব্যর্থ হওয়ায় অভিবাসীরা স্থানীয়দের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে এবং সংকটের সৃষ্টি করছে।
উগ্রপন্থী গোষ্ঠীর এই বিতর্কিত পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এমবঙ্গিসেনি বুথেলেজি বলেন, ম্যান্ডেলা দিবস হলো মানুষের পাশে দাঁড়ানোর এবং ঐক্যের দিন। একে সমাজকে বিভক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাষ্ট্রের ব্যর্থতার দায় কোনোভাবেই অন্যান্য দেশ থেকে আসা অভিবাসীদের ওপর চাপানো যায় না।
ম্যান্ডেলার সঙ্গে বর্ণবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রবীণ নেতা স্নুকি জিকালকা ক্ষোভ প্রকাশ করে বলেন, ম্যান্ডেলার নাম ব্যবহার করে এই অমানবিক কাজ করা যাবে না। আমরা মানুষকে পশুর মতো তাড়িয়ে দিতে পারি না। তারা তো মানুষ।
জাতিসংঘ কর্তৃক ২০০৯ সালে ঘোষিত এই দিবসের এবারের মূল প্রতিপাদ্য হলো— ‘দারিদ্র্য ও অসমতার বিরুদ্ধে লড়াই এখনও আমাদের হাতেই’। তবে আহমেদ কাঠরাডা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নীশান বোল্টন মনে করেন, বছরের পর বছর ধরে ম্যান্ডেলার আসল বিপ্লবী ও মুক্তিকামী পরিচয়কে আড়াল করে তাকে কেবলই এক সমাজসেবকের মোড়কে উপস্থাপন করার খেসারত দিচ্ছে দেশ। যার ফলে আজ রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধা অনুযায়ী ম্যান্ডেলার আদর্শের অপব্যাখ্যা করার সুযোগ পাচ্ছে।
সময়ের আলো/কহু