নরসিংদীর মাধবদীতে ডাকাত দলের হামলায় বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত গভীর রাতে মাধবদী থানার বলবর্দী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম শাহজাহান মিয়া (৫০)। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ব্যবসায়ী শাহজাহান মিয়ার বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজন টের পেয়ে ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই গৃহকর্তা শাহজাহান মিয়ার মৃত্যু হয় এবং পরিবারের আরেক সদস্য গুরুতর আহত হন।
এরপর ডাকাত দল প্রায় ২০-২৫ মিনিট ধরে পুরো বাড়িতে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। এর আগে গত ১০ জুলাই মাধবদীর কাঁঠালিয়া এলাকায় এক রাতেই তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। যার মধ্যে স্থানীয় বিএনপির সাবেক সভাপতির ছেলে শাহাদাতের বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও ৪৩ ভরি স্বর্ণালংকার লুট হয়।
আগের ডাকাতির ঘটনায় পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে না পারায় অপরাধীরা পার পেয়ে গেছে। আর সেই কারণেই এত দ্রুত আবারও আরেকটি বড় ডাকাতি ও হত্যাকাণ্ডের সাহস পেল তারা।
ওসি কামাল জানান, খবর পাওয়া মাত্রই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শাহজাহান মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহত সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, এই ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে। জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।
সময়ের আলো/জোই