চলতি আমের মৌসুমে আম চাষি ও ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (১৮ জুলাই) রাজশাহী অঞ্চলের চার জেলার আমের বাজারসংলগ্ন এলাকাগুলোতে সীমিত পরিসরে ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রয়েছে। শুধু আজই নয়, আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার এই বিশেষ ব্যবস্থা চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় জানানো হয়েছে, আম ব্যবসার প্রধান মৌসুম চলায় রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা; নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী আমের বাজারগুলোর সংলগ্ন ব্যাংকিং বুথ ও শাখাগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বাজারে নগদ অর্থের সরবরাহ ও জমা নিশ্চিত করতে এবং ব্যবসায়ীদের নগদ টাকা বহনের ঝুঁকি কমাতে সাপ্তাহিক ছুটির দিনেও এই সেবা চালু রাখা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, সাপ্তাহিক ছুটির দিন শনিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার এই সিদ্ধান্ত আগামী ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। সংশ্লিষ্ট তফসিলি ব্যাংক কর্তৃপক্ষকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সীমিত জনবল ও পরিসরে ব্যাংকের নির্দিষ্ট শাখা ও উপশাখাগুলো খোলা রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সময়ের আলো/জোই