প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:২২ পিএম আপডেট: ১৮.০৭.২০২৬ ২:৩০ পিএম
ছবি : সংগৃহীত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের নাসিরবাদ ও ঝাল মাগসি জেলার সীমান্তবর্তী এলাকায় তথাকথিত ‘অনার কিলিং’ বা সম্মান রক্ষার নামে এক নারী ও এক পুরুষকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গতকাল প্রদেশটির ঝাল মাগসি ও নাসিরবাদ জেলার সীমান্তবর্তী ‘শহীদ কিলো’ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন— জার বানো ও ফাতেহ আলী। এক দল অজ্ঞাত সশস্ত্র হামলাকারী তাদের ওপর অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের শরীরে একাধিক বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্ত ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে পুলিশ নিশ্চিত হয়েছে, এটি একটি ‘অনার কিলিং’ বা অনারবেইজড মার্ডারের ঘটনা।
ঘটনার পর পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। তবে এই দ্বৈত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং খুনিদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
পাকিস্তানের মানবাধিকার সংগঠনগুলোর জানায়, বেলুচিস্তানের এই সীমান্ত অঞ্চলগুলোতে উপজাতীয় প্রথা ও বিচারবহির্ভূত সালিসের কারণে প্রতিবছরই বহু নারী ও পুরুষ অনার কিলিংয়ের শিকার হন।
সময়ের আলো/কহু