রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির অভিযানে একদিনে ৪৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে ৩৮টি মামলা করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক উদ্ধার, বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৭ জন, লালবাগে ৩২ জন, ওয়ারীতে ৪৫ জন, মতিঝিলে ৫০ জন, তেজগাঁওয়ে ৫০ জন, মিরপুরে ১১৪ জন, গুলশানে ৪৭ জন, উত্তরায় ৬৪ জন, সিটিটিসিতে একজন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৩ জন রয়েছেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী জানান, অভিযানের সময় ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, একটি সিএনজি, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন, চারটি অটোরিকশার ব্যাটারি, একটি চাকু, একটি চাপাতি জব্দ করা হয়েছে। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/এমকে