ফিফা বিশ্বকাপ ২০২৬ সালের ফাইনাল ম্যাচ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রোববার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত যান চলাচল ও বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনাল ম্যাচ’ উপলক্ষে আগামী ১৯ জুলাইত, সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ২০ জুলাই, ভোর ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অতিথিদের প্রবেশ এবং যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথসমূহ (শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত) দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন (অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ার, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন) ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। অন্যান্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত থাকবে। এ ছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সর্বদা নিয়ন্ত্রিত থাকবে।
সময়ের আলো/জেডি