জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় দুই সেনার মৃত্যু ও একজন নিখোঁজ হওয়ার পর ইরানে নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে এই হামলা শুরু হয়।
যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হুমকি মোকাবিলা এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সক্ষমতা গুঁড়িয়ে দিতেই এই পাল্টা হামলা। ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ ইরানের সিরিক অঞ্চলের কাছে এই হামলা চালানো হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এক মাস আগে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর থেকে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা তীব্র রূপ নিয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরান ও তার আঞ্চলিক প্রক্সিগুলোর ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিষ্ক্রিয় করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালানোর পর এই সংঘাতের সূত্রপাত হয়, যা এখন সর্বাত্মক যুদ্ধের রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে।
শনিবারের এই মার্কিন হামলার আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এক বিবৃতিতে হুশিয়ারি দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে এই সংঘাত বাড়ানোর চড়া মূল্য দিতে হবে।’ ট্রাম্পের চুক্তি বা স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই উল্লেখ করে তিনি মার্কিন প্রশাসনের জন্য আরও বড় পরাজয় ও অপমানের পূর্বাভাস দেন।
এদিকে শনিবার দিনভর মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলি আল সালেম বিমান ঘাঁটিতে ইরানি হামলায় একটি তেল শোধনাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি এবং জর্ডানের আল আজরাক মার্কিন ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যেখানে দুটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। তিন মাসের মধ্যে এই প্রথম সৌদি আরবের আল-খারজ ও ইয়ানবু অঞ্চলের মার্কিন ঘাঁটি ও তেল টার্মিনাল লক্ষ্য করেও ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত তিন সপ্তাহে মার্কিন হামলায় দেশটিতে অন্তত ৫০ জন নিহত এবং ৫০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে চলমান এই সংঘাতের জেরে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।
সময়ের আলো/কহু