পাবনার আতাইকুলায় আব্দুস শুক্কুর (৪০) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপারের একটি বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শুক্কুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়। পরে রাত ১২টা বেজে গেলেও বাড়িতে না আসায় পরিবারের সন্দেহ হয়। স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনদের কাছে ফোন করেও কোনো খোঁজখবর পাওয়া যায় না। পরে শনিবার বিকেলে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলের মধ্যে গলাকাটা মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসছি। গলাকাটা মরদেহ পাওয়া গেছে। উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে হত্যা হয়েছে এখনো জানা সম্ভব হয়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
সময়ের আলো/জোই