রাজধানীর কাকরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. স্বপন মিয়া জানান, তাদের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। বর্তমানে পরিবারের সাথে মগবাজারের নয়াটোলা এলাকার থাকতেন। তার বাবা সিরাজুল ইসলামের কিছুটা মানসিক সমস্যা ছিল।
তিনি আরও জানান, শনিবার রাতে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। রোববার সকালে পুলিশের মাধ্যমে তিনি জানতে পারেন, তার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেলে এসে বাবার মরদেহ দেখতে পান।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৬টার দিকে কাকরাইল প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন রাস্তায় একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
সময়ের আলো/জেডি