খাগড়াছড়ি জেলায় সাম্প্রতিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। তারই অংশ হিসেবে জেলার মহালছড়িতে ত্রাণ বিতরণ করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।
রোববার (১৯ জুলাই) দুপুরে মহালছড়ির চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ ও যন্ত্রনাথ কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৪০০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। পার্বত্য মন্ত্রণালয় থেকে ১ হাজার ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনাসহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে এবং আজ থেকে খাদ্য বান্ধব কর্মসূচি চালু করা হয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, উপজেলা নির্বাহী অফিসার মো. এরফানুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এমএন আবসার এবং মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর প্রতিমন্ত্রী খাগড়াছড়ি সার্কিট হাউজে এক মত বিনিময় সভায়ও অংশগ্রহণ করেন।
সময়ের আলো/মহু