২০১০ সালে শাভি হার্নান্দেজ, ইকার কাসিয়াস ও আন্দ্রেস ইনিয়েস্তাদের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল স্পেন। তবে সেই সাফল্যের পর দীর্ঘ সময় বিশ্বকাপের মঞ্চে নিজেদের সেরাটা আর দেখাতে পারেনি লা রোজা। ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর ২০১৮ ও ২০২২— টানা দুই আসরেই শেষ ষোলো থেকে ছিটকে যেতে হয়েছে তাদের।
তবে লুইস দে লা ফুয়েন্তের অধীনে এবার আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। ১৬ বছর পর শিরোপার এতটা কাছাকাছি পৌঁছে গেছে তারা। সেই স্বপ্ন পূরণের পথে শেষ বাধা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ রাত ১টায় ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
ফাইনালে স্পেন কোন একাদশ নিয়ে মাঠে নামবে, তা নিয়ে কোচ লুইস দে লা ফুয়েন্তে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে স্পেনের একাধিক সংবাদমাধ্যমের দাবি, সেমিফাইনালে ফ্রান্সকে হারানো একই একাদশই ফাইনালেও আর্জেন্টিনার বিপক্ষে খেলাবেন তিনি।
এমন সিদ্ধান্ত অবশ্য খুব একটা বিস্ময়কর নয়। সেমিফাইনালের আগে অনেকেই ধারণা করেছিলেন, শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে স্পেন সুবিধা করতে পারবে না। কিন্তু বাস্তবে রদ্রি, ফাবিয়ান রুইস ও লামিন ইয়ামালদের দারুণ নৈপুণ্যে পুরো ম্যাচজুড়েই ফরাসিদের চাপে রেখেছিল স্পেন। তাই সফল সেই একাদশেই আস্থা রাখছেন দে লা ফুয়েন্তে— এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম।
আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের সম্ভাব্য একাদশ
১. উনাই সিমন
২. পেদ্রো পেরো
৩. পাউ কুবার্সি
৪. আইমেরিক লাপোর্তে
৫. মার্ক কুকুরেয়া
৬. রদ্রি
৭. ফাবিয়ান রুইস
৮. লামিন ইয়ামাল
৯. দানি অলমো
১০. আলেক্স বায়েনা ও
১১. মিকেল ওইয়ারসাবাল
সময়ের আলো/ইউএমএইচ