স্পেনের কাছে আর্জেন্টিনার হারে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙেছে লিওনেল মেসির। একই সঙ্গে ফাইনালে গোল করতে না পারায় গোল্ডেন বুটের দৌড়েও পিছিয়ে পড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পেলেও অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল।
টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা মেসি ফাইনালে ছিলেন অনেকটাই নিষ্প্রভ। পুরো আসরে তার গোলসংখ্যা ৮-এ থেমে যায়। ফলে গোল্ডেন বুট জিতে নেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন এমবাপে। এর মধ্য দিয়ে তিনি ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট নিজের করে নেন।
এই অর্জনের মাধ্যমে ইতিহাসও গড়েছেন ফরাসি তারকা। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুইবার গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়েছেন তিনি। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও ৮ গোল করে এই পুরস্কার জিতেছিলেন এমবাপে।
এদিকে ২০২৬ বিশ্বকাপে ১০ গোল করার সুবাদে এমবাপের মোট বিশ্বকাপ গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২-এ। ইংল্যান্ডের বিপক্ষে করা তার দ্বিতীয় গোলটি বিশ্বকাপে লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড ছাড়িয়ে যায়। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আরও উঁচু অবস্থানে উঠে গেলেন ফরাসি এই ফরোয়ার্ড।
সময়ের আলো/এসএকে