পছন্দের দল আর্জেন্টিনা হেরে যাওয়ার পর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ষোলোদাগ গ্রামে সুমন (৩০) নামে সমর্থকের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
সুমন উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলোদাগ চাষিক্লাব এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন। তার ৫ বছরের একটি ছেলে ও ২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
ভেড়ামারা থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আর্জেন্টিনার ঘোর সমর্থক সুমনের আয়োজনে রোববার রাতে তার বাড়ির সামনে খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া করা হয়। সোমবার ভোরে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখে ভোর ৫টার দিকে বাড়িতে আসেন সুমন। পরে তার স্ত্রী শোবার ঘরের দরজা খুলে দিয়ে আবার ঘুমিয়ে পড়েন। ঘণ্টাখানেক পর সকাল ৬টার দিকে তিনি উঠে দেখেন, তার স্বামী সুমন একই ঘরের ধরনার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে রয়েছেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি জানান, আত্মহত্যার ঘটনায় ভেড়ামারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ ব্যপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সময়ের আলো/মহু