বিগত ফ্যাসিবাদের মতো আচরণ করছে জামায়াত-এনসিপি : রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই গণ-অভ্যুত্থানের সুবাদে জামায়াতে ইসলামী বিরোধী দল হওয়ার সুযোগ পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর নতুন মনোনীত রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন

2026-07-20T18:38:55+00:00
2026-07-20T18:45:06+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
বিগত ফ্যাসিবাদের মতো আচরণ করছে জামায়াত-এনসিপি : রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:৩৮ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৬:৪৫ পিএম
প্রধানমন্ত্রীর নতুন মনোনীত রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের সুবাদে জামায়াতে ইসলামী বিরোধী দল হওয়ার সুযোগ পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর নতুন মনোনীত রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, বিগত ফ্যাসিবাদের মতো আচরণ করছে জামায়াত ও এনসিপি। তাদের উচিত সরকারের বিরুদ্ধে গঠনমূলক ভূমিকা পালন করা।

সোমবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।


মো. রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে এবং মন্ত্রীদের নিয়ে অহেতুক ট্রল করছে। সরকারের রাজনৈতিক সমালোচনা করুন, কিন্তু অহেতুক হাসিঠাট্টা করবেন না।

তিনি আরও বলেন, শহিদ জিয়া ও বেগম খালেদা জিয়া দেশ গঠনে অনবদ্য ভূমিকা রেখেছেন। বেগম খালেদা জিয়া শত নির্যাতন সত্ত্বেও দেশ ছাড়েননি এবং ফ্যাসিবাদের সঙ্গে সমঝোতা করেননি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও দীর্ঘ নিপীড়নের শিকার হয়েছেন। তিনি প্রবাসে থেকেও আন্দোলনে মূল প্রেরণা জুগিয়েছেন।

ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামকারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত রাজনৈতিক আন্দোলনে যাদের ভূমিকা ছিল, মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে তাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

নিজের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ছিল আল্লাহর বিশেষ রহমত। আমি সেই আন্দোলন করতে গিয়ে প্রথম গ্রেফতার হই। তখন ভিপি নূরে হাক নূর ও হাসান আল মামুনসহ বহু ছাত্রনেতা রাজপথে ছিলেন। আন্দোলনকালীন সময়েও তারেক রহমান আমাদের নানাভাবে দিকনির্দেশনা ও সহায়তা দিয়েছেন। এছাড়া সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানেও তার ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত লক্ষ্যের একজন নিবেদিতপ্রাণ সারথি হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, এর আগে রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. রাশেদ খাঁনকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। অন্য কোনো পেশা বা সংগঠনের সঙ্গে যুক্ত না থাকার শর্তে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে রাশেদ খাঁন এ পদে বহাল থাকবেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রজ্ঞাপনটির ছবি শেয়ার করে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   ফ্যাসিবাদ  জামায়াত  এনসিপি  রাশেদ খাঁন  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: