সরকারি কলেজের শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনা ও প্রশাসনিক প্রয়োজনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১০ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কর্মকর্তাদের নিজস্ব আবেদনের পরিপ্রেক্ষিতে এবং জনস্বার্থে এই বদলি ও পদায়ন করা হয়েছে। স্ব-স্ব আবেদনের ভিত্তিতে বদলি হওয়ায় তারা কোনো প্রকার ভ্রমণ ও দৈনিক ভাতা (টিএ/ডিএ) পাবেন না। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
প্রথম প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর স্বাক্ষরে ৮ জন এবং দ্বিতীয় প্রজ্ঞাপনে উপসচিব মো. আ. কুদ্দুসের স্বাক্ষরে ২ জন কর্মকর্তার বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন দুটির নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তা নিজ নিজ বেতন ও বেতনক্রমে বদলিকৃত পদে দায়িত্ব পালন করবেন। তাদের আগামী ২৩ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে; অন্যথায় ওই দিন অপরাহ্নে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
এছাড়া, কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে নিজস্ব পিডিএস অ্যাকাউন্টে লগইন করে অবমুক্ত ও যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সময়ের আলো/জোই