কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টানা বৃষ্টির মধ্যে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে বিবি হাফসা (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে এবং তিন বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের ডি/৫ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিবি হাফসা ওই ব্লকের বাসিন্দা ছমি উল্লাহর মেয়ে। আর আহত শিশু আব্দুল মজিদ (৩) একই ব্লকের বাসিন্দা নূর ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টির সময় পাহাড়ের ঢালে অবস্থিত একটি শেডের (শেল্টার) ওপর হঠাৎ পাহাড়ের বিশাল এক টুকরো মাটি ধসে পড়ে। এতে শেডটি দুমড়েমুচড়ে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হাফসার মৃত্যু হয়। এ সময় শিশুটি চাপা পড়ে আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) রিয়াজ উদ্দিন আহমেদ।
তিনি জানান, সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা মারাত্মকভাবে বেড়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ বসতিতে বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে একাধিকবার পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এসব প্রাণঘাতী দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হলো এবং বহু আশ্রয়হীন পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সময়ের আলো/জোই