তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক কিংবা আবাসিক গ্রাহকদের মধ্যে গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে।
সোমবার (২০ জুলাই) এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস গ্যাস) জানায়, গ্যাস সরবরাহে ঘাটতির কারণে তিতাস গ্যাস অধিভুক্ত বেশ কিছু এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি এবং আবাসিক গ্রাহক পর্যায়ে মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। ফলে স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন
এদিকে, লিকেজযুক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার (২১ জুলাই) দুপুর থেকে রাজধানীর কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস জানায়, লিকেজযুক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য ২১ জুলাই দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড, কাঁঠাল বাগান এলাকায় বিদ্যমান আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সময়ের আলো/মহু