দেশের দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে প্রকাশ করা আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে। পূর্বাভাসে বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী দুই দিনের জন্য এই সতর্কতা জারি করেছে সংস্থাটি।
পূর্বাভাসে জানানো হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
এতে বলা হয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের এখনই নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সময়ের আলো/কেএইচও