চাঁদপুরের কচুয়া উপজেলায় বিভিন্ন অনিয়ম, ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রির অভিযোগে ৮টি ফার্মেসিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) কচুয়া বিশ্বরোড এলাকায় অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে জেলা ওষুধ প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির। এ সময় উপস্থিত ছিলেন জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা।
অভিযানে ‘ওষুধ ও প্রসাধন সামগ্রী আইন’ (ঔষধ ও কসমেটিকস আইন)-এর বিভিন্ন ধারায় ৮টি ফার্মেসিকে জরিমানার আওতায় আনা হয়। এর মধ্যে— বিশ্বাস ফার্মেসি ২০ হাজার টাকা, মিয়াজী ফার্মেসি ২০ হাজার টাকা, মা ফার্মেসি (দীপক) ১০ হাজার টাকা, মহসিন ফার্মেসি ১০ হাজার টাকা, মোরশেদ ফার্মেসি ১০ হাজার টাকা, নিয়াজ ফার্মেসি ৫ হাজার টাকা, রবীন্দ্র ফার্মেসি ৫ হাজার টাকা এবং জাহরা ফার্মেসি ৫ হাজার টাকা।
জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে, একই দিনে পৃথক অভিযানে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল ওষুধ ব্যবসায়ী মোরশেদকে অনিয়মের দায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধ ব্যবসায়ীদের শতভাগ আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে, অন্যথায় অনিয়মের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
সময়ের আলো/জোই