ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করে তার বিচারের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার কথা উল্লেখ করে নেতানিয়াহুর বিরুদ্ধে সরব হলেও মামদানি স্বীকার করেছেন, নিউইয়র্ক সিটি তাকে গ্রেফতার করার কোনো আইনি ক্ষমতা নেই।
সম্প্রতি নেতানিয়াহুর সম্ভাব্য নিউইয়র্ক সফর এবং তাকে গ্রেফতার করা হতে পারে কি না— এমন গুঞ্জনের মধ্যেই মঙ্গলবার এক ভিডিও বার্তায় নিজের এই অবস্থানের কথা স্পষ্ট করেন নিউইয়র্কের মেয়র।
ভিডিও বার্তায় মেয়র জোহরান মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাই বিচারিক মুখোমুখি হওয়ার জন্য তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।
তিনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু একজন চিহ্নিত যুদ্ধাপরাধী। গাজায় সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা চালানো হয়েছে, তার জন্য তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।
কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে জোর চর্চা চলছিল, নেতানিয়াহু নিউইয়র্কে পা রাখলে স্থানীয় পুলিশ বা নগর প্রশাসন তাকে গ্রেফতার করবে কি না।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মামদানি জানান, নিউইয়র্ক সিটির কোনো আন্তর্জাতিক পরোয়ানা কার্যকর করার সরাসরি এখতিয়ার নেই। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় (ফেডারেল) সরকার আইসিসির সদস্য না হওয়ায় এবং এই ধরনের পরোয়ানা বাস্তবায়নে কেন্দ্রীয় আইনি বাধ্যবাধকতা না থাকায় স্থানীয় প্রশাসনের হাত বাঁধা।
মামদানি বলেন, নিউইয়র্ক সিটি পুলিশ বা নগর প্রশাসনের নিজস্ব আইনি সীমার বাইরে গিয়ে কাউকে গ্রেফতার করার ক্ষমতা নেই, তা তিনি যতই বড় অপরাধী হোন না কেন। তবে আমাদের নৈতিক অবস্থান সবসময় সত্য ও ন্যায়বিচারের পক্ষে।
সময়ের আলো/কেএইচ