গাজীপুরের কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি চালক ও যাত্রীরা। গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন অনেক চালক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। জানা গেছে, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন পাম্প ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহে সংকট দেখা দিয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ভোর থেকে বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাস নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
চালকদের অভিযোগ, একদিকে গ্যাসের সরবরাহ কম, অন্যদিকে বড় বড় লরিতে গ্যাস দেওয়ার কারণে সাধারণ যানবাহনের জন্য সংকট আরও তীব্র হয়েছে। অনেক চালক অভিযোগ করেন, দীর্ঘ সময় অপেক্ষার পরও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় তাদের আয়-রোজগারে প্রভাব পড়ছে। যাত্রীদেরও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
চালক ও সাধারণ যাত্রীরা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ দেওয়ান সিএনজি পাম্পের ম্যানেজার নিখিল জানান, ‘বড় অবৈধ বোতলে গ্যাস দেওয়া কতটুকু আইনসঙ্গত, তা আমার জানা নেই। তবে অনেক পাম্পেই এভাবে লরিতে গ্যাস দেওয়া হচ্ছে। আমরাও একই পরিস্থিতির মধ্যে পড়ছি।’
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন জানান, ‘কয়েকদিন ধরে সিএনজি পাম্পগুলোতে গ্যাস সংকট রয়েছে। তবে লরিতে গ্যাস দেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সময়ের আলো/এসএকে