৮০০ কোটি টাকায় ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

রাজধানীর হাতিরঝিল-সংলগ্ন তেজগাঁও লিংক রোডের মুখে নির্মিত বেঙ্গল গ্রুপের বহুতল ‘সুইস টাওয়ার’ কিনে নিচ্ছে বেসরকারি খাতের পূবালী ব্যাংক লিমিটেড। ৮০০

2026-07-23T23:36:03+00:00
2026-07-23T23:36:03+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অর্থনীতি
৮০০ কোটি টাকায় ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৩৬ পিএম 
রাজধানীর তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ‘সুইস টাওয়ার’ ভবন। ছবি : সংগৃহীত
রাজধানীর হাতিরঝিল-সংলগ্ন তেজগাঁও লিংক রোডের মুখে নির্মিত বেঙ্গল গ্রুপের বহুতল ‘সুইস টাওয়ার’ কিনে নিচ্ছে বেসরকারি খাতের পূবালী ব্যাংক লিমিটেড। ৮০০ কোটি টাকায় প্রিমিয়াম স্থানে অবস্থিত ২৭ তলা এই নির্মাণাধীন ভবনটি কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। প্রাথমিকভাবে এখানে আন্তর্জাতিক পাঁচ তারকা চেইন হোটেল ‘সুইসটেল’ হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক নানা প্রতিকূলতায় আর্থিক সংকটে পড়ে ব্যাংকঋণের চাপ কমাতে ভবনটি বিক্রির সিদ্ধান্ত নেয় বেঙ্গল গ্রুপ।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) ওয়েবসাইটের মাধ্যমে বিষয়টি বিনিয়োগকারীদের অবহিত করেছে পূবালী ব্যাংক। তবে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত চূড়ান্তভাবে কার্যকর হবে।

ব্যাংক সূত্র জানিয়েছে, প্রায় ৫৮ কাঠা জমির ওপর নির্মিত এই ভবনে তিনটি বেজমেন্টসহ মোট ২৭টি তলা রয়েছে। বেচা-কেনা চূড়ান্ত হলে তাদের প্রধান কার্যালয় মতিঝিল থেকে তেজগাঁওয়ের এই নতুন ভবনে স্থানান্তর করা হবে। বর্তমানে মতিঝিলের নিজস্ব ভবনে মাত্র ৫৫ হাজার বর্গফুট জায়গা থাকায় স্থান সংকুলানে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়তে হচ্ছিল ব্যাংকটিকে। ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ লিটন মিয়া জানান, ব্যবসায়িক সম্প্রসারণের কথা মাথায় রেখে দীর্ঘ মেয়াদে লাভজনক বিনিয়োগ হিসেবেই এই নতুন ভবন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ভবনটি নির্মাণে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আইএফসি এবং দেশীয় প্রতিষ্ঠান ইডকল থেকে ৩০০ কোটি টাকার বেশি ঋণ নেয় বেঙ্গল গ্রুপ। এছাড়া গ্রুপটির অন্যান্য প্রতিষ্ঠানের ওপরও ব্যাংকঋণের বড় চাপ রয়েছে। এ বিষয়ে বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিমউদ্দিন জানান, ভবনে ৩৭০টি কক্ষ নিয়ে হোটেল করার মূল কাঠামো তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের সময় গ্রুপের তিনটি কারখানা আগুনে পুড়ে যাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েন। এ কারণে ঋণ পরিশোধের উদ্দেশ্যে ভবনটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পূবালী ব্যাংকের সঙ্গে দরদাম ঠিক হলেও চূড়ান্ত চুক্তি সম্পাদন এখনো প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে বর্তমানে শীর্ষস্থানীয় মুনাফাকারী প্রতিষ্ঠান পূবালী ব্যাংক। গত বছর প্রথমবারের মতো ১,০৯০ কোটি টাকার রেকর্ড কর-পরবর্তী মুনাফা করে ব্যাংকটি। এমনকি চলতি মাসের শুরুতেই ব্যাংকটির আমানত প্রথমবারের মতো ১ লাখ কোটি টাকার মাইলফলক স্পর্শ করেছে।

উল্লেখ্য, এতদিন দেশের ব্যাংক ও আর্থিক খাতের মূল কেন্দ্র মতিঝিল-দিলকুশা থাকলেও গত এক দশকে অধিকাংশ বেসরকারি ব্যাংকই গুলশান ও তেজগাঁওমুখী হয়েছে। পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় স্থানান্তরের এই সিদ্ধান্ত সেই ধারাবাহিকতারই অংশ।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   পূবালী ব্যাংক 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: