ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস কেমব্রিজ সেন্ট্রাল মসজিদ পরিদর্শন করেছেন। ২০ জুলাই ইউরোপের প্রথম পরিবেশবান্ধব বা ‘ইকো’ মসজিদে পৌঁছালে উপস্থিত মুসল্লি, স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে রাজাকে স্বাগত জানান।
মসজিদের বাইরে গাড়ি থেকে নেমে তিনি প্রথমে আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে জুতা খুলে মসজিদে প্রবেশ করে উপস্থিত মুসল্লি ও কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
মসজিদ পরিদর্শন শেষে বক্তব্যে রাজা চার্লস বলেন, মসজিদটির নকশা, নির্মাণশৈলী এবং প্রতিটি ক্ষেত্রে যত্নশীল পরিকল্পনা তাকে গভীরভাবে মুগ্ধ করেছে। তিনি উল্লেখ করেন, মসজিদের সঙ্গে একটি কমিউনিটি সেন্টার যুক্ত থাকায় এটি শুধু মুসলিম সম্প্রদায়ের জন্য নয়, পুরো কেমব্রিজ শহরের জন্যও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি আয়োজকদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান। রাজা চার্লস কেমব্রিজ সেন্ট্রাল মসজিদে মোজা পরে হেঁটে যান এবং প্রবেশের আগে তার জুতো খুলে ফেলেন।
৭৭ বছর বয়সি রাজাকে সাধারণত জনসমক্ষে আনুষ্ঠানিক চামড়ার জুতো পরতে দেখা যায়, তাই এই মুহূর্তটি ছিল এক বিরল দৃশ্য।
সময়ের আলো/আআ