প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:৩৩ এএম আপডেট: ২৪.০৭.২০২৬ ১১:৩৪ এএম
তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংসদ সদস্য মাহুয়া মৈত্র। ছবি : সংগৃহীত ভারতে প্রশ্নফাঁসের অভিযোগে চলমান বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে ‘বিভাজন করে শাসন’ (ডিভাইড অ্যান্ড রুল) কৌশল অনুসরণের অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংসদ সদস্য মাহুয়া মৈত্র।
শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, আন্দোলন দুর্বল করতে সরকার একাধিক কৌশল নিয়েছে।
মাহুয়া মৈত্র লেখেন, মোদিজির ‘ডিভাইড অ্যান্ড রুল’ পরিকল্পনা— প্রথমত, সোনম ওয়াংচুকের সঙ্গে সমঝোতা করে তাকে নিষ্ক্রিয় করা; দ্বিতীয়ত, বিরোধীদের সঙ্গে আলোচনার নামে একটি ‘ললিপপ’ সমঝোতার চেষ্টা; তৃতীয়ত, আন্দোলনকারীদের সহিংস নৈরাজ্যবাদী হিসেবে চিত্রিত করে দমন করা। এটি সফল হবে না। শিক্ষামন্ত্রী প্রধানের পদত্যাগ করা উচিত।’
ভারতে সাম্প্রতিক প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিভিন্ন ছাত্রসংগঠন ও বিরোধী দল বিক্ষোভ করছে। এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে বিরোধীদের সমালোচনা আরও তীব্র হচ্ছে।
সময়ের আলো/কেএইচ