একসময় বর্ষা নামলেই ঢাকার গানের ভুবন যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে যেত। কাদা আর বৃষ্টির দিনে কনসার্টের আয়োজন করাটাই ছিল ঝক্কির ব্যাপার। তবে সেই পুরোনো ছবি এখন অনেকটাই বদলেছে। মাঝে অন্তর্বর্তী সরকারের সময় ভেন্যুর অভাব আর নানা অনুমতির জটিলতায় টানা দুটো বছর ঢাকার কনসার্ট অঙ্গন কিছুটা থমকে ছিল সত্যি, কিন্তু সেই স্তব্ধতা কাটিয়ে আবার ছন্দে ফিরছে রাজধানী। ২৪ জুলাই থেকে ১ আগস্ট-পরপর ৯ দিনে রাজধানীর নানা প্রান্তে বসছে ছয়টি বড় কনসার্টের মেলা, যেখানে দেশি ও বিদেশি শিল্পীদের সুরে মেতে উঠবে গানপাগল মানুষ।
মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম
দীর্ঘ প্রতীক্ষার পর আজ শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’। মূলত গত বছরের ১৩ ডিসেম্বর কনসার্টটি হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছিল।
রাজধানীর ৩০০ ফিটসংলগ্ন ক্রিকেটার্স একাডেমিতে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে আয়োজনটি। এতে পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলামের পাশাপাশি পারফর্ম করবে দেশের আলোচিত ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’। আয়োজকরা জানিয়েছেন, কনসার্টের জন্য প্রয়োজনীয় সব ধরনের অনুমতি ইতোমধ্যে পাওয়া গেছে।
রুনা লায়লার সম্মাননা ও একক পরিবেশনা
আজই সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সম্মাননা অনুষ্ঠান।
সম্মাননা গ্রহণের পর দর্শকদের জন্য নিজের পছন্দের ১০টি গান পরিবেশন করবেন তিনি। আগের দুইবারের সম্মাননা অনুষ্ঠান কেবল আমন্ত্রিত অতিথিদের জন্য হলেও এবার সাধারণ দর্শক টিকিট কিনে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার, ৩ হাজার ও ৫ হাজার টাকা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিট বিক্রির অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যাদুর্গতদের সহায়তায় দেওয়া হবে।
মেলোডি মোজাইক
আগামী ৩০ জুলাই রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হবে ‘মেলোডি মোজাইক’। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই আয়োজনে গান পরিবেশন করবেন তরুণ শিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা।
‘মোজি অ্যান্ড কোং’ প্ল্যাটফর্মে মৌলিক ও কাভার গানের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই জুটির কনসার্টের টিকিটের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা। অনুষ্ঠানটির আয়োজন করছে নূরস ইভেন্ট।
দুই ভিন্নধর্মী ট্রিবিউট কনসার্ট
আগামী ৩১ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে দুটি ট্রিবিউট কনসার্ট।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে ‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’। এর আয়োজন করছে ওয়ারফেজ। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করছে ব্র্যান্ডমিথ ও মার্স অ্যান্ড কো। টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার ৫০০, ২ হাজার এবং ৫ হাজার টাকা।
একই দিনে বনানীর বাটারনোট ক্যাফেতে অনুষ্ঠিত হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে...’, যা উৎসর্গ করা হয়েছে জনপ্রিয় গায়ক-গীতিকার অঞ্জন দত্তকে। এতে অংশ নেবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। অঞ্জন দত্তের জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গানও পরিবেশন করবেন তারা। আজব কারখানা আয়োজিত এই কনসার্টের টিকিটের মূল্য ৭০০ টাকা এবং স্পট টিকিটের দাম ১ হাজার টাকা।
অনুপম রায়ের ‘ওয়ান ট্রু সাউন্ড’
সব জটিলতা কাটিয়ে অবশেষে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় গায়ক, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট।
মূলত গত ২৬ জুন একই ভেন্যুতে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল। নতুন তারিখ ঘোষণা করা হলেও এখনো টিকিটের মূল্য প্রকাশ করেননি আয়োজকেরা।
বর্ষার মৌসুমে এক সপ্তাহের ব্যবধানে এমন ধারাবাহিক বড় আয়োজন রাজধানীর সংগীতপ্রেমীদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে। দেশি-বিদেশি তারকাদের অংশগ্রহণে ঢাকার কনসার্ট অঙ্গন আবারও প্রাণ ফিরে পাচ্ছে।
সময়ের আলো/আরবিএন