রাজধানীর হাতিরঝিলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী শেখ জায়েদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আলআমিন ভুবন (২১)।
রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে হাতিরঝিল পুলিশ প্লাজার পেছনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় পথচারীরা দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শেখ জায়েদকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী রবিন জানান, পুলিশ প্লাজার পেছনের সড়কে একটি মোটরসাইকেলসহ দুজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত তাদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।
নিহত শেখ জায়েদের ভাই সামির শেখ পরশ জানান, তাদের বাড়ি রামপুরা টিভি সেন্টার এলাকার মুক্তি মসজিদ গলিতে। তাদের বাবার নাম জামিল শেখ। জায়েদ কোনো চাকরিতে ছিলেন না। দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তিনি ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।
সময়ের আলো/এমকে