রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী মালবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমিরাবাদ থেকে ২৬টি তেলবাহী বগি নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় পেছনের ছয়টি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিন ও সামনের বগিগুলো রেলগেট পার হয়ে যাওয়ায় গেটম্যান রেললাইন ফাঁকা মনে করে ব্যারিয়ার তুলে দেন। এ সময় ফরিদপুর থেকে দৌলতদিয়াগামী অপর্ণা পরিবহনের একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি ইজিবাইক রেললাইন পার হওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণহীন বিচ্ছিন্ন বগিগুলো সজোরে যানবাহনগুলোকে ধাক্কা দেয়।
সংঘর্ষে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়, বাসটি ছিটকে রেললাইনের পাশের খাদে পড়ে এবং ইজিবাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, হাইওয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ইজিবাইকের যাত্রী মনোয়ার মারা যান। আহত অন্যদের চিকিৎসা চলছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, রাত ৮টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এখন পর্যন্ত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার তন্ময় কুমার বলেন, দুর্ঘটনার পর রাত সাড়ে ৮টা থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিচ্ছিন্ন বগিগুলো সরিয়ে রেললাইন সম্পূর্ণ সচল না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।
দুর্ঘটনার কারণে খানখানাপুর রেলগেট এলাকায় কিছু সময় সড়কপথে যান চলাচল ব্যাহত হলেও উদ্ধারকাজ শেষ হওয়ার প্রায় ৪৫ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে রেললাইন পরিষ্কারের কাজ চলায় ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
সময়ের আলো/এসএকে