হবিগঞ্জে জীবিত নারীকে ‘মৃত’ দেখিয়ে বন্ধ বিধবা ভাতা

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের লাখাই উপজেলায় সমাজসেবা কার্যালয়ের সার্ভারে জীবিত নারীকে ‘মৃত’ দেখানোর কারণে টানা কয়েক বছর ধরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিধবা ভাতা

2026-07-28T09:56:32+00:00
2026-07-28T09:57:34+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে জীবিত নারীকে ‘মৃত’ দেখিয়ে বন্ধ বিধবা ভাতা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:৫৬ এএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ৯:৫৭ এএম
মমতা রানী সরকার। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের লাখাই উপজেলায় সমাজসেবা কার্যালয়ের সার্ভারে জীবিত নারীকে ‘মৃত’ দেখানোর কারণে টানা কয়েক বছর ধরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিধবা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন মমতা রানী সরকার (৫৮)। একাধিকবার উপজেলা সমাজসেবা কার্যালয়ে সরাসরি যোগাযোগ করেও কোনো সমাধান না পাওয়ায় তিনি চরম মানসিক ভোগান্তির মধ্যে রয়েছেন। তবে সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের দাবি, সার্ভারে ভুল তথ্য অন্তর্ভুক্ত হওয়া অথবা দীর্ঘদিন ভাতার টাকা উত্তোলন না করার কারণেই এমনটি হয়ে থাকতে পারে।

জানা গেছে, মমতা রানী সরকার লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের পূর্ব রুহিতনসী গ্রামের মৃত সুবোধ সরকারের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কয়েক বছর আগে মেয়েকে বিয়ে দিয়েছেন।

মমতা রানী জানান, ২০০৮ সালের জুন মাস থেকে তিনি বিধবা ভাতা পাচ্ছিলেন। সর্বশেষ ২০২০ সালের ১ জুলাই ভাতার টাকা উত্তোলন করেন। এরপর কিছুদিন অসুস্থ ছিলেন। সুস্থ হওয়ার পর তিনি উপজেলা সমাজসেবা কার্যালয়ে গেলে তাকে জানানো হয়, সরকারি সার্ভারে তাকে ‘মৃত’ ও ‘নিখোঁজ’ হিসেবে দেখাচ্ছে। ফলে, তার নামে আর বিধবা ভাতা দেওয়া সম্ভব নয়।

ভুক্তভোগী বলেন, ‘বছরের পর বছর সমাজসেবা কার্যালয়ে ঘুরছি। কিন্তু এখন পর্যন্ত কেউ সমস্যার সমাধান করে দেয়নি। জীবিত থেকেও সরকারি কাগজে মৃত হয়ে থাকার কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না।’


স্থানীয় বাসিন্দারা জানান, মমতা রানী কখনো নিখোঁজ হননি বা মারা যাননি। তিনি নিয়মিত এলাকায় চলাফেরা করছেন। তাদের প্রশ্ন- একজন জীবিত মানুষ বারবার নিজে উপস্থিত হওয়ার পরও কীভাবে তাকে সরকারি নথিতে মৃত দেখানো হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা কমিটির সদস্য মো. বাহার উদ্দিন বলেন, ‘জীবিত একজন মানুষকে সরকারি সার্ভারে মৃত দেখানো অত্যন্ত উদ্বেগজনক। সংশ্লিষ্ট ব্যক্তি নিজে উপস্থিত হওয়ার পরও তথ্য সংশোধন না হওয়া চরম অবহেলার পরিচয় বহন করে।’

লাখাই ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মো. নজরুল ইসলাম বলেন, ‘আমি এলাকায় নিয়মিত টিকা প্রদান করে থাকি। যখনই রুহিতনসী এলাকায় টিকা দিতে আসি তখনই মমতা রাণীকে দেখতে পাই। একজন জীবিত মানুষ কীভাবে মৃত হলো, সেটা আশ্চর্যের বিষয়।’

এ বিষয়ে লাখাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমাম জানান, তিনি প্রায় দেড় মাস আগে এই উপজেলায় যোগদান করেছেন। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।

জেলা সমাজসেবার উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী সময়ের আলোকে জানান, লাখাই উপজেলায় বারবার কর্মকর্তা বদল হচ্ছেন, তারপরও একজন জীবিত মানুষকে মৃত দেখানোর ভুল কখনো হতে পারে না। কেন এমনটি হলো, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় প্রশাসনের তথ্য ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগী মমতা রানীকে দ্রুত তথ্য সংশোধন করে পুনরায় বিধবা ভাতার আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সময়ের আলো/মহু


  বিষয়:   হবিগঞ্জ  জীবিত  নারী  মৃত  বন্ধ  বিধবা ভাতা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: