ইরানের কেশম দ্বীপ, ফারস প্রদেশের কাজেরুন এবং উপসাগরীয় কিশ দ্বীপে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন, একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়া এবং হতাহতের ঘটনা ঘটেছে বলে ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, কেশম দ্বীপের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে স্থানীয় বিদ্যুৎ কোম্পানির কর্মকর্তাদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, মেরামত কাজ শেষে পুরো দ্বীপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
তাসনিমের দাবি, বৃহস্পতিবার ভোরে মার্কিন যুদ্ধবিমান কেশমের আকাশে উড়ে দ্বীপের বিভিন্ন স্থানে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, কেশম শহরের চাহ-তাঙ্গো এলাকায় একটি আবাসিক ভবনে হামলার পর ধ্বংসস্তূপের নিচে দুজন আটকা পড়েছেন। হরমোজগান প্রদেশের উপ-গভর্নরের বরাত দিয়ে আইআরআইবি জানায়, উদ্ধারকর্মীরা সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।
পরে তাসনিম জানায়, হামলায় আহত দুজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে এখনো ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে তাসনিমের খবরে বলা হয়, ফারস প্রদেশের কাজেরুন শহরের উপকণ্ঠেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। পাশাপাশি উপসাগরীয় কিশ দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলার পর দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিশ আন্তর্জাতিক বিমানবন্দর এবং যাত্রীবাহী ফেরি সার্ভিস স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
সময়ের আলো/কেএইচ